নতুন উদ্যম ও দৃঢ় প্রত্যয়ে অব্যাহত থাকবে উন্নয়নের অগ্রযাত্রা

আদেশ বাতিল, স্বপদে বহাল থাকছেন আনসার-ভিডিপির মহাপরিচালক

আদেশ বাতিল, স্বপদে বহাল থাকছেন আনসার-ভিডিপির মহাপরিচালক

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক হিসেবে স্বপদে বহাল থাকছেন মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে তার বদলি ও নিয়োগসংক্রান্ত পূর্ববর্তী আদেশ বাতিল করা হয়েছে। এর ফলে তার নেতৃত্বে বাহিনীর চলমান উন্নয়ন, আধুনিকায়ন ও সংস্কার কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার সুযোগ তৈরি হয়েছে।

দায়িত্ব গ্রহণের পর থেকেই বাহিনীর সার্বিক উন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি, আধুনিকায়ন এবং সদস্যদের জীবনমান উন্নয়নে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন মহাপরিচালক। বিশেষ করে দীর্ঘদিনের প্রত্যাশা বিবেচনায় অঙ্গীভূত আনসার সদস্যদের আর্থিক নিরাপত্তা, সুযোগ-সুবিধা ও পেশাগত মর্যাদা প্রতিষ্ঠায় নেওয়া পদক্ষেপগুলো বিশেষ গুরুত্ব পেয়েছে।

এসব উদ্যোগের মধ্যে রয়েছে দীর্ঘদিনের প্রচলিত রেস্ট প্রথা বাতিল, গ্র্যাচুইটি ফান্ডের মাধ্যমে পেনশন সুবিধা চালুর প্রক্রিয়া, বেতন-ভাতা বৃদ্ধি এবং সরাসরি ডিজি কোডে বেতন প্রদানের উদ্যোগ। পাশাপাশি মাসিক রেশন বৃদ্ধি, গমের পরিবর্তে সমপরিমাণ আটা প্রদান, বাৎসরিক ছুটি বৃদ্ধি, স্বতন্ত্র আধুনিক পোশাক প্রবর্তন এবং যুগোপযোগী প্রশিক্ষণব্যবস্থা সংস্কারের উদ্যোগ সদস্যদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

সদস্যদের স্বীকৃতি ও কল্যাণ নিশ্চিত করতেও নেওয়া হয়েছে বেশ কিছু পদক্ষেপ। পদকের সংখ্যা বৃদ্ধি, সদস্যদের সাহসিকতা ও সাফল্য গণমাধ্যমে তুলে ধরা, জরুরি ঋণ ও চিকিৎসাসহায়তা সম্প্রসারণ, সাধারণ ক্ষমার আওতায় সদস্যদের চাকরিতে পুনর্বহাল এবং নিজ বিভাগ বা জেলায় পোস্টিংয়ের সুযোগ সৃষ্টি এসব উদ্যোগের উল্লেখযোগ্য দিক। এ ছাড়া আধুনিক আবাসন সুবিধা নিশ্চিত করতে ‘প্রত্যয় ব্যারাক’ নির্মাণও সদস্যকল্যাণে একটি গুরুত্বপূর্ণ সংযোজন।

দেশের জননিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, দুর্যোগ মোকাবিলা এবং শিল্প ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে আনসার-ভিডিপি বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জাতীয় প্রয়োজনে বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করে আসছেন। এই ভূমিকা আরও কার্যকর করতে একটি আধুনিক, দক্ষ, পেশাদার ও জনবান্ধব বাহিনী গড়ে তোলার বিকল্প নেই।

এ লক্ষ্য সামনে রেখে সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা, প্রশিক্ষণের মানোন্নয়ন এবং সদস্যদের পেশাগত দক্ষতা বিকাশে চলমান উদ্যোগগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিশেষ করে সদস্যদের আর্থিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত হলে বাহিনীর প্রতি তাঁদের দায়িত্ববোধ, কর্মস্পৃহা এবং সাংগঠনিক সংহতি আরও শক্তিশালী হবে।

মহাপরিচালকের স্বপদে বহাল থাকার সিদ্ধান্তে বাহিনীর সদস্যদের মধ্যে চলমান সংস্কার ও উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা নিয়ে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা, নেতৃত্বের ধারাবাহিকতায় সদস্যকল্যাণ, সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি এবং আধুনিকায়নের উদ্যোগ আরও গতিশীল হবে। একই সঙ্গে দীর্ঘদিনের প্রত্যাশিত সংস্কার কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে বাহিনী আরও সুসংগঠিত ও পেশাদার প্রতিষ্ঠানে পরিণত হবে।

দৃঢ় নেতৃত্ব, সদস্যদের ঐক্যবদ্ধ অংশগ্রহণ এবং সময়োপযোগী সংস্কারের সমন্বয়ে আনসার-ভিডিপি এগিয়ে যাক উন্নয়নের নতুন দিগন্তে—এমন প্রত্যাশা সংশ্লিষ্ট সবার।


আরও পড়ুন -
  • সর্বশেষ
  • জনপ্রিয়