কৃষ্ণসাগরে সংঘাতের আঁচ বিশ্ববাজারে, বাড়তে পারে খাদ্যপণ্যের দাম

কৃষ্ণসাগরে সংঘাতের আঁচ বিশ্ববাজারে, বাড়তে পারে খাদ্যপণ্যের দাম

কৃষ্ণসাগরে রাশিয়া ও ইউক্রেনের সংঘাত নতুন করে তীব্র হওয়ায় বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। দুই দেশের পাল্টাপাল্টি হামলায় জাহাজ চলাচল ও গুরুত্বপূর্ণ শস্য রপ্তানি ব্যাহত হচ্ছে। বিশেষ করে গম, যব ও ভুট্টার সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) জানিয়েছে, আগস্টে বিশ্ব খাদ্য মূল্যসূচক বেড়ে ১৩৩ দশমিক ৩ পয়েন্টে উঠেছে। এটি ২০২২ সালের নভেম্বরের পর সর্বোচ্চ। এর মধ্যে কৃষ্ণসাগরের সাম্প্রতিক সংঘাত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

জুলাইয়ে কৃষ্ণসাগরে ৩৫টি জাহাজে হামলায় ২৩ জন নিহত হন। আগস্টেও হামলা অব্যাহত ছিল। ফলে বাণিজ্যিক জাহাজ চলাচলের ক্ষেত্রে অঞ্চলটি বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ জলপথে পরিণত হয়েছে। আন্তর্জাতিক নৌপরিবহন সংস্থাও বিশ্বজুড়ে সমুদ্রপথের নিরাপত্তা অবনতির বিষয়ে উদ্বেগ জানিয়েছে।

রাশিয়া ও ইউক্রেন—দুই দেশই বিশ্বের গুরুত্বপূর্ণ শস্য সরবরাহকারী। রাশিয়া বিশ্বের সবচেয়ে বড় শস্য রপ্তানিকারক, আর শস্য রপ্তানিতে ইউক্রেনের অবস্থান পঞ্চম। রাশিয়ার সমুদ্রপথে শস্য রপ্তানির ৭০ শতাংশের বেশি কৃষ্ণসাগরের বন্দর দিয়ে এবং প্রায় ২০ শতাংশ আজভ সাগর দিয়ে যায়। ফলে এসব এলাকায় সংঘাত বাড়ায় বৈশ্বিক সরবরাহব্যবস্থায় বড় ধরনের চাপ তৈরি হচ্ছে।

জুলাইয়ে ইউক্রেনের ড্রোন হামলার পর আজভ সাগরে জাহাজ চলাচল বন্ধ করে দেয় রাশিয়া। অক্সফোর্ড ইকোনমিকসের হিসাবে, আগস্টে রাশিয়ার শস্য রপ্তানি স্বাভাবিক সক্ষমতার মাত্র ৪০ শতাংশে নেমে এসেছে। অন্যদিকে ভালো উৎপাদন হলেও কৃষ্ণসাগরের বন্দর দিয়ে পর্যাপ্ত শস্য রপ্তানি করতে পারছে না ইউক্রেন।

বিশ্লেষকদের আশঙ্কা, সমুদ্রপথে শস্য রপ্তানির এই বিঘ্ন বিশ্ববাজারে খাদ্যের দাম আরও বাড়াতে পারে। এর সঙ্গে ইরান যুদ্ধ, ইউরোপের তীব্র গরমে শস্য উৎপাদন কমে যাওয়া এবং এল নিনোর প্রভাবও যুক্ত হচ্ছে।

অক্সফোর্ড ইকোনমিকসের পূর্বাভাস, ২০২৬ সালে বিশ্বে খাদ্যের দাম প্রায় ১২ শতাংশ এবং ২০২৭ সালে আরও ৪ দশমিক ৮ শতাংশ বাড়তে পারে।

তবে ২০২২ সালের মতো বড় সংকট এবার নাও হতে পারে। কারণ অনেক দেশ আগেভাগেই শস্য মজুত করেছে। ফলে সরবরাহে ধাক্কা সামাল দেওয়ার প্রস্তুতি আগের তুলনায় ভালো। তারপরও বিশেষজ্ঞদের সতর্কতা—কৃষ্ণসাগরের সংঘাত দীর্ঘ হলে খাদ্যের বাজারে এর প্রভাব পড়বেই।


আরও পড়ুন -
  • সর্বশেষ
  • জনপ্রিয়