AMR প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই

বিএমইউর গবেষণা: অকার্যকর হয়ে পড়ছে অ্যান্টিবায়োটিক, শক্তিশালী হচ্ছে জীবাণু

বিএমইউর গবেষণা: অকার্যকর হয়ে পড়ছে অ্যান্টিবায়োটিক, শক্তিশালী হচ্ছে জীবাণু

রোগীদের শরীরে কাজ করছে না এমন ভয়াবহতা ঠেকাতে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিরোধে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যাওয়ারনেস উইক ২০২৬ উদযাপন উপলক্ষে জনসচেতনতামূলক র‍্যালি ও সমাবেশ বুধবার (১৮ নভেম্বর) হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজি বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে জানানো হয়, যথেচ্ছ ও অসচেতনভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহারের কারণে মানবদেহে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স বাড়ছে। ফলে শেষ ভরসার অ্যান্টিবায়োটিকও হার মানছে জীবাণুর কাছে। কার্যকারিতা হারাচ্ছে অ্যান্টিবায়োটিক, শক্তিশালী হচ্ছে জীবাণু। এর ফলে সংকটে পড়েছে সংক্রমণের চিকিৎসা।

এবার দিবসটির প্রতিপাদ্য ছিল ‘ওয়ান হেলথ, ওয়ান অ্যাকশন, প্রিভেন্ট অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স নাও’ (One Health, One Action: Prevent AMR Now)।

প্রধান অতিথি হিসেবে র‍্যালির উদ্বোধন করেন বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। তিনি বলেন, চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিকের সহজলভ্যতা বন্ধ করতে হবে। যথেচ্ছভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহারের কারণে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। ফলে রোগী অসুস্থ হয়ে পড়লে এবং আরোগ্য লাভের জন্য অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হলে অনেক ক্ষেত্রে তা আর কাজ করছে না। এ অবস্থা থেকে উত্তরণে জনসচেতনতার কোনো বিকল্প নেই।

বিশেষ অতিথির বক্তব্যে বিএমইউর উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার বলেন, অ্যান্টিবায়োটিকের নির্দিষ্ট কোর্স ও ব্যবহারের সময়সীমা রয়েছে। একবার অ্যান্টিবায়োটিক শুরু করলে চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময় পর্যন্ত তা ব্যবহার করতে হবে। আবার কিছু ক্ষেত্রে নির্দিষ্ট অ্যান্টিবায়োটিক ব্যবহার করা উচিত নয়। চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধ করা প্রয়োজন।

সভাপতির বক্তব্যে মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আবু নাসের ইবনে সাত্তার বলেন, অ্যান্টিবায়োটিকের অপব্যবহার ও অসচেতন ব্যবহারের কারণে জীবাণু ক্রমেই অ্যান্টিবায়োটিক প্রতিরোধী হয়ে উঠছে। মানবদেহে তৈরি হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স। এতে অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা কমছে, শক্তিশালী হচ্ছে জীবাণু এবং সংকটে পড়ছে চিকিৎসাসেবা।

প্রতিবেদনে উঠে এসেছে উদ্বেগজনক চিত্র

অনুষ্ঠানে অধ্যাপক ডা. আবু নাসের ইবনে সাত্তার জানান, বিএমইউর বার্ষিক অ্যান্টিবায়োটিক প্রতিরোধ বা অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স প্রতিবেদনে উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। এক বছরে carbapenem-প্রতিরোধ ২৮ শতাংশ থেকে বেড়ে ৩৬ শতাংশে পৌঁছেছে। আইসিইউ রোগীদের নমুনায় এ হার ৯৫ শতাংশ ছাড়িয়েছে।

বিএমইউর মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজি বিভাগের প্রকাশিত ‘Antimicrobial Resistance Report 2025-2026’-এ এসব তথ্য উঠে এসেছে। ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগ ও অন্তর্বিভাগের রোগীদের নমুনার ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

রেকর্ডসংখ্যক নমুনা পরীক্ষা: প্রতিবেদনের সময়কালে বিভাগটি ৫০ হাজার ৮৪৪টি ক্লিনিক্যাল নমুনা পরীক্ষা করেছে। এর মধ্যে ১৩ হাজার ২৫১টি নমুনায় (২৬ দশমিক ১ শতাংশ) ব্যাকটেরিয়া শনাক্ত হয়েছে। ১৭ হাজার ১০৮টি প্রস্রাবের নমুনার ৩৭ দশমিক ৬ শতাংশ এবং ১৬ হাজার ১০৪টি রক্তের নমুনার ৮ শতাংশে জীবাণু পাওয়া গেছে।

শনাক্ত জীবাণুর প্রায় অর্ধেক এসেছে প্রস্রাবের নমুনা থেকে। প্রস্রাবের নমুনায় সবচেয়ে বেশি পাওয়া গেছে E. coli এবং রক্তের নমুনায় Klebsiella।

Carbapenem প্রতিরোধে উচ্চ হার: প্রতিবেদনের সবচেয়ে উদ্বেগজনক তথ্য হলো, carbapenem-শ্রেণির অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা কমে যাওয়া। ছয়টি প্রধান Gram-negative জীবাণুর ১০ হাজার ৫৩৬টি নমুনার মধ্যে ৩ হাজার ৮১০টিতে (৩৬ দশমিক ২ শতাংশ) meropenem-প্রতিরোধ পাওয়া গেছে। আগের বছর এ হার ছিল ২৮ দশমিক ২ শতাংশ।

এক বছরে Klebsiella-র মধ্যে carbapenem প্রতিরোধ ২৭ দশমিক ৬ শতাংশ থেকে বেড়ে ৪০ শতাংশ হয়েছে। E. coli-র ক্ষেত্রে এ হার ১৪ শতাংশ থেকে বেড়ে ২০ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে। Acinetobacter-এর ৫৭ দশমিক ৫ শতাংশ এবং Pseudomonas-এর ৫২ দশমিক ১ শতাংশ নমুনায় carbapenem প্রতিরোধ পাওয়া গেছে।

রক্তের সংক্রমণের ক্ষেত্রেও পরিস্থিতি উদ্বেগজনক। রক্তের নমুনায় পাওয়া Klebsiella-র ৫৬ শতাংশ, Acinetobacter-এর ৬২ দশমিক ১ শতাংশ এবং E. coli-র ৩৩ দশমিক ৩ শতাংশ meropenem-এ সাড়া দিচ্ছে না। আইসিইউ রোগীদের শ্বাসনালি থেকে সংগৃহীত নমুনায় Klebsiella ও Acinetobacter-এর প্রতিরোধের হার ৯৫ শতাংশ ছাড়িয়েছে।

শেষ ভরসা হিসেবে বিবেচিত colistin এখনো বেশির ভাগ ক্ষেত্রে কার্যকর থাকলেও রক্তের নমুনায় এর প্রতিরোধের উপস্থিতি ভবিষ্যতের জন্য সতর্কবার্তা।

মূত্রনালির সংক্রমণে সাধারণ ওষুধ অকার্যকর: মূত্রনালির সংক্রমণের প্রধান জীবাণু E. coli-র ক্ষেত্রে বহুল ব্যবহৃত একাধিক অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা কমেছে। nitrofurantoin-এর বিরুদ্ধে প্রতিরোধ এক বছরে ৩৩ দশমিক ৩ শতাংশ থেকে বেড়ে ৫০ দশমিক ১ শতাংশ হয়েছে। প্রস্রাবের E. coli-তে meropenem প্রতিরোধও ১২ দশমিক ৫ শতাংশ থেকে বেড়ে ১৮ দশমিক ৪ শতাংশে পৌঁছেছে। তবে piperacillin-tazobactam, colistin ও tigecycline এখনো কার্যকর রয়েছে।

বাড়ছে MRSA: প্রতিবেদনে Methicillin-resistant Staphylococcus aureus (MRSA) সংক্রমণ বৃদ্ধির তথ্যও উঠে এসেছে। পুঁজ, ক্ষত, নাক ও কানের নমুনায় MRSA শনাক্তের হার ২০২২-২৩ সালে ৯ দশমিক ৭ শতাংশ থেকে বেড়ে পরবর্তী পর্যায়ে ১৯ দশমিক ২ শতাংশ এবং সর্বশেষ প্রতিবেদনে ২৬ দশমিক ৩ শতাংশে দাঁড়িয়েছে।

টাইফয়েডের ওষুধে প্রতিরোধ: রক্ত থেকে পাওয়া ১৪১টি টাইফয়েড জীবাণুর প্রায় অর্ধেক ciprofloxacin-প্রতিরোধী। আগের বছর এ হার ছিল ৪০ দশমিক ৩ শতাংশ। Nalidixic acid-এর বিরুদ্ধে প্রতিরোধের হার ৬৯ দশমিক ৭ শতাংশ। তবে co-trimoxazole ও chloramphenicol-এর বিরুদ্ধে প্রতিরোধ তুলনামূলক কম থাকায় এগুলো কার্যকর বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে।

রক্তে ছত্রাকের সংক্রমণ: রক্তের নমুনায় ছত্রাক সংক্রমণের নতুন প্রবণতাও দেখা গেছে। ৬ হাজার ৫৯১টি নমুনার মধ্যে ৭৬টিতে yeast পাওয়া গেছে। Candida প্রজাতির পাশাপাশি Candida ciferrii-এর উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ প্রজাতির ৭১ দশমিক ২ শতাংশ fluconazole-প্রতিরোধী।

কেন বাড়ছে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স

প্রতিবেদনে AMR-কে একটি নীরব মহামারি হিসেবে বর্ণনা করা হয়েছে। অপ্রয়োজনীয় ও অনুপযুক্ত ব্যবস্থাপত্র, রোগীর চাপ, নিজের ইচ্ছায় ওষুধ সেবন, অপর্যাপ্ত মাত্রায় ওষুধ গ্রহণ এবং রোগনির্ণয় ছাড়াই ব্রড-স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক ব্যবহারের মতো বিষয়গুলোকে এর প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

হাসপাতালগুলো প্রতিরোধী জীবাণুর হটস্পট হয়ে উঠছে। এক হাসপাতালের প্রতিরোধী সংক্রমণের রোগীর মাধ্যমে অল্প সময়ের মধ্যে অন্য এলাকাতেও জীবাণু ছড়িয়ে পড়তে পারে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিরোধী সংক্রমণের কারণে নিউমোনিয়া, সেপসিস ও যক্ষ্মার মতো রোগের চিকিৎসা কঠিন, কখনো কখনো অসম্ভব হয়ে পড়ছে। এতে মৃত্যুঝুঁকি বাড়ছে, হাসপাতালে থাকার সময় দীর্ঘ হচ্ছে এবং ব্যয়বহুল ও পার্শ্বপ্রতিক্রিয়াযুক্ত ওষুধের প্রয়োজন হচ্ছে। ক্যানসারের কেমোথেরাপি, অঙ্গ প্রতিস্থাপন, বড় অস্ত্রোপচার ও আইসিইউ চিকিৎসার সাফল্যও হুমকির মুখে পড়ছে।

নজরদারি ও প্রতিরোধে সুপারিশ

প্রতিবেদনে কিছু সীমাবদ্ধতার কথাও স্বীকার করা হয়েছে। কার্যকর হাসপাতাল ও পরীক্ষাগার তথ্যব্যবস্থার অভাবে নমুনাগুলো বহির্বিভাগ, অন্তর্বিভাগ ও জরুরি বিভাগের রোগীদের মধ্যে আলাদা করা যায়নি। রোগীর আগের অ্যান্টিবায়োটিক ব্যবহারের ইতিহাসও পাওয়া যায়নি। ফলে প্রতিরোধের হার প্রকৃত অবস্থার চেয়ে বেশি দেখা যেতে পারে। তবে External Quality Assessment Scheme (EQAS), অভ্যন্তরীণ মান নিয়ন্ত্রণ ও মাসিক তথ্য পর্যবেক্ষণের মাধ্যমে তথ্যের মান নিশ্চিত করার কথা জানানো হয়েছে।

AMR মোকাবিলায় প্রতিবেদনে কয়েকটি সুপারিশ করা হয়েছে। এর মধ্যে রয়েছে অ্যান্টিবায়োটিক ব্যবহারে হাসপাতালভিত্তিক নীতিমালা প্রণয়ন, অ্যান্টিমাইক্রোবিয়াল স্টুয়ার্ডশিপ কর্মসূচি সম্প্রসারণ, সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণব্যবস্থা জোরদার এবং পরীক্ষাগারের সক্ষমতা বাড়ানো। পাশাপাশি মানুষ ও প্রাণীর স্বাস্থ্যের সমন্বিত দৃষ্টিভঙ্গিতে দায়িত্বশীল অ্যান্টিবায়োটিক ব্যবহার নিশ্চিত করা, জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়ন এবং আইসিইউতে carbapenem ব্যবহারে নিয়ন্ত্রণ আরোপের সুপারিশ করা হয়েছে।

এ ছাড়া vancomycin, linezolid ও colistin-প্রতিরোধী জীবাণু শনাক্তে আণবিক পরীক্ষা জোরদার এবং ২০৩০ সালের মধ্যে AMR মোকাবিলায় ওষুধ-প্রতিরোধী যক্ষ্মাসহ ব্যাকটেরিয়া ও ছত্রাকজনিত রোগ নিয়ে গবেষণা বাড়ানোর কথা বলা হয়েছে।

অনুষ্ঠানে বিএমইউর রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. সাখাওয়াত হোসেন সায়ন্তীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, চিকিৎসক ও গবেষকেরা উপস্থিত ছিলেন।

বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ডা. আবু নাসের ইবনে সাত্তার, সহযোগী অধ্যাপক ডা. সানজিদা খন্দকার সেতুসহ বিভাগের শিক্ষক ও এমডি রেসিডেন্ট চিকিৎসকেরা প্রতিবেদনটি সমন্বয়, রচনা ও সংকলন করেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, এর তথ্য নীতিনির্ধারক, চিকিৎসক ও গবেষকদের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে কাজ করবে।


আরও পড়ুন -
  • সর্বশেষ
  • জনপ্রিয়