ইসরায়েলের নির্বাচনে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হলেও তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বে থাকছেন বেনিয়ামিন নেতানিয়াহু।
নির্বাচনের প্রাথমিক ফলাফলে তাঁর নেতৃত্বাধীন ডানপন্থী জোট এগিয়ে থাকলেও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন পায়নি। অন্যদিকে, বিরোধী জোটও সরকার গঠনের মতো পর্যাপ্ত আসন নিশ্চিত করতে পারেনি। ফলে দেশটিতে রাজনৈতিক অনিশ্চয়তা অব্যাহত থাকার আশঙ্কা তৈরি হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, বুধবার (২৮ অক্টোবর) পর্যন্ত প্রায় ৮৬ শতাংশ ভোট গণনা শেষে ইসরায়েলের তিনটি প্রধান সম্প্রচারমাধ্যমের পূর্বাভাসে নেতানিয়াহুর জোট ১২০ আসনের পার্লামেন্টে ৫৩টি আসন পেতে পারে। বিরোধী নেতা গাদি আইজেনকোটের জোটের সম্ভাব্য আসন ৪৮। অন্যদিকে, আরব ইসরায়েলিদের প্রতিনিধিত্বকারী দলগুলো পেতে পারে রেকর্ড ১৯টি আসন।
ফলে সরকার গঠনের জন্য আইজেনকোটকে আরব দলগুলোর ব্যাপক সমর্থন প্রয়োজন হতে পারে। তবে ইসরায়েলের অধিকাংশ ইহুদি রাজনৈতিক নেতা এসব দলের সঙ্গে আনুষ্ঠানিক জোট গঠনে অনাগ্রহী।
ইরানে নতুন অভিযানের ইঙ্গিত
বুধবার ভোরে নিজের লিকুদ পার্টির সমর্থকদের উদ্দেশে বক্তব্যে নেতানিয়াহু একটি শক্তিশালী ডানপন্থী জাতীয় সরকার গঠনের আহ্বান জানান। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যৌথ সামরিক অভিযান চালানোর সম্ভাবনার ইঙ্গিত দেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনকে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করে নেতানিয়াহু বলেন, ইরানের হুমকি স্থায়ীভাবে দূর করার ক্ষেত্রে দুই দেশের সামনে ঐতিহাসিক সুযোগ রয়েছে। ট্রাম্পও নির্বাচনে নেতানিয়াহুর পারফরম্যান্সের প্রশংসা করেছেন।
নিরাপত্তা বাহিনীকে সতর্ক করলেন আইজেনকোট
বিরোধী নেতা আইজেনকোট নিরাপত্তা বাহিনী ও সরকারি কর্মকর্তাদের রাজনৈতিক চাপের মুখে দৃঢ় থাকার আহ্বান জানিয়েছেন। তাঁর অভিযোগ, তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহুর জনগণের নতুন ম্যান্ডেট নেই। তবে নেতানিয়াহুর কার্যালয় এর আগে ইরান যুদ্ধকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছে।
নির্বাচনের ফলাফলের প্রভাব পড়েছে দেশটির আর্থিক বাজারেও। ডলারের বিপরীতে ইসরায়েলি মুদ্রা শেকেলের দর প্রায় ১ দশমিক ৬ শতাংশ কমেছে। তেল আবিবের প্রধান শেয়ারবাজার সূচকগুলোও ৩ শতাংশের বেশি পতনের মুখে পড়েছে।
ডানপন্থার দিকে ঝুঁকছে ইসরায়েল
বিশ্লেষকদের মতে, নির্বাচনের ফল ইসরায়েলের ইহুদি ভোটারদের মধ্যে ডানপন্থী রাজনীতির শক্ত অবস্থান তুলে ধরেছে। দেশটির প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার বিরোধিতাও ব্যাপক।
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর এটিই ছিল ইসরায়েলের প্রথম জাতীয় নির্বাচন। ওই হামলায় প্রায় ১ হাজার ২০০ জন নিহত হন এবং ২৫১ জনকে জিম্মি করা হয়। পরবর্তী সময়ে গাজা, লেবানন ও ইরানকে ঘিরে সংঘাতে জড়িয়ে পড়ে ইসরায়েল।
নির্বাচনে ভোট পড়েছে ৭৭ দশমিক ৭ শতাংশ, যা দুই দশকের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ। বিশেষ করে আরব বংশোদ্ভূত ইসরায়েলিদের মধ্যে ভোটদানের হার ছিল উল্লেখযোগ্য।
ভোট গণনা শেষ হওয়ার পরও সরকার গঠন নিয়ে দর-কষাকষি চলবে। নতুন জোট গঠন সম্ভব না হলে আগামী বছর আরেকটি নির্বাচন আয়োজনের পরিস্থিতিও তৈরি হতে পারে। তত দিন তত্ত্বাবধায়ক সরকারই দেশ পরিচালনা করবে।