ক্রিকেট কিংবদন্তি ইমরানের পাশে ক্যারিবীয় তারকা লারা

ক্রিকেট কিংবদন্তি ইমরানের পাশে ক্যারিবীয় তারকা লারা

কারাবন্দি ইমরান খানের শারীরিক অবস্থা ও মানবিক পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান ও সাবেক অধিনায়ক ব্রায়ান লারা।

পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ককে প্রাপ্য মর্যাদা দেওয়ার পাশাপাশি তার জন্য যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।

২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন ইমরান খান। ২০২৩ সালের আগস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দী আছেন তিনি। বিভিন্ন দুর্নীতির অভিযোগে তাকে কারাদণ্ড দেওয়া হলেও, ইমরান ও তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এই অভিযোগগুলোকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অস্বীকার করে আসছে।

গত কয়েক সপ্তাহে ইমরানের শারীরিক অবস্থার অবনতি ঘটার খবর সামনে এলে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়। তার সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়ে গত মাসে ২১ জন সাবেক অধিনায়ক পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে একটি চিঠি দেন। চিঠিতে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের সাবেক অধিনায়কেরা স্বাক্ষর করেছিলেন।

এর আগে গত ফেব্রুয়ারিতেও ১৪ জন সাবেক অধিনায়ক একই দাবিতে পাকিস্তান সরকারকে চিঠি পাঠিয়েছিলেন। তবে সরকারের পক্ষ থেকে কোনো জবাব না পাওয়ায় পুনরায় এই উদ্যোগ নেওয়া হয়।

সাবেক অধিনায়কদের এই দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে শনিবার (৫ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বার্তা পোস্ট করেন ব্রায়ান লারা। সেখানে তিনি লেখেন, পাকিস্তানের জন্য একসময় যিনি ছিলেন ‘আশার প্রতীক’, তাকে আজ কেন ‘উপযুক্ত চিকিৎসাসেবা’ থেকে বঞ্চিত করা হচ্ছে, তা তার বোধগম্য নয়।

লারা লেখেন, “ইমরান খান ও আমার মাঠে বেশ কয়েকবারই মুখোমুখি সাক্ষাৎ হয়েছে। তবে তার প্রতি আমার যে শ্রদ্ধা, তা অনেক আগে থেকেই এবং তা চিরস্থায়ী। খেলোয়াড়ি জীবনে যিনি নিজের দেশের আশা, গর্ব ও অনুপ্রেরণার প্রতীক ছিলেন, তাকে আজ এমন পরিস্থিতিতে দেখতে পাওয়া সত্যি কষ্টকর—যেখানে তাকে যথাযথ যত্ন, সহানুভূতি ও প্রাপ্য মর্যাদা দেওয়া হচ্ছে না।”

তিনি আরও যোগ করেন, “আমার সাবেক অধিনায়ক সতীর্থদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে আহ্বান জানাচ্ছি, ইমরান খানকে যেন অবিলম্বে স্বাধীন ও যথাযথ চিকিৎসাসেবা প্রদান করা হয় এবং একজন মানুষ হিসেবে তার মৌলিক অধিকার ও মর্যাদা রক্ষা করা হয়। এটি কোনো রাজনীতির বিষয় নয়; ক্রিকেট বিশ্বের একজন কিংবদন্তির প্রতি এটি ন্যূনতম মানবিকতার প্রকাশ।”

উল্লেখ্য, পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরানকে রাজধানী ইসলামাবাদের শিফা হাসপাতালে ভর্তি করানোর নির্দেশ দিলেও তাকে সরকারি হাসপাতাল 'পিমসে' (PIMS) নেওয়া হয়। সেখানে সংক্ষিপ্ত স্বাস্থ্য পরীক্ষা শেষে দ্রুতই তাকে আবার কারাগারে ফিরিয়ে আনা হয়।

অবশ্য কারাগারে ইমরানের সঙ্গে দুর্ব্যবহার করা কিংবা পরিবার ও আইনজীবীদের দেখা করতে না দেওয়ার অভিযোগ বরাবরের মতোই প্রত্যাখ্যান করেছে পাকিস্তান সরকার। এক সরকারি বিবৃতিতে জানানো হয়, ২০২৩ সালের আগস্টে বন্দী হওয়ার পর থেকে ইমরানের পরিবার, আইনজীবী ও চিকিৎসকেরা তার সঙ্গে ৯০০ বারেরও বেশি সাক্ষাৎ করেছেন।

পাকিস্তানের হয়ে ৮৮টি টেস্ট ও ১৭৫টি ওয়ানডে খেলেছেন ইমরান খান। ১৯৯২ সালে দেশকে একমাত্র ওয়ানডে বিশ্বকাপ এনে দেওয়া এই ক্রিকেট তারকাকে পাকিস্তানের সর্বকালের সেরা অধিনায়ক হিসেবে বিবেচনা করা হয়।



আরও পড়ুন -
  • সর্বশেষ
  • জনপ্রিয়