গ্যাস সংকটে স্থবির পোশাক খাত: বিকেএমইএর ৬ দফা দাবি

গ্যাস সংকটে স্থবির পোশাক খাত: বিকেএমইএর ৬ দফা দাবি

তীব্র গ্যাস সংকটের কারণে দেশজুড়ে ৩০০টিরও বেশি পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। এতে উৎপাদন মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় তৈরি পোশাক খাতের ৪০ থেকে ৫০ শতাংশ রপ্তানি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক বিদেশি ক্রেতা তাদের ক্রয়াদেশ প্রতিবেশী দেশগুলোতে সরিয়ে নিচ্ছেন।

শনিবার (২২ আগস্ট) রাতে নারায়ণগঞ্জে বিকেএমইএ কার্যালয়ে আয়োজিত এক জরুরি বৈঠক শেষে বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম এবং সংগঠনের শীর্ষ নেতারা সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান।

সংকট নিরসনে বিকেএমইএ নেতৃবৃন্দের উত্থাপিত ৬ দফা দাবি:

বিল কিস্তিতে পরিশোধ: জুন ও জুলাই মাসের গ্যাস ও বিদ্যুৎ বিল পরবর্তী ১২ মাসে কিস্তিতে শোধের সুযোগ দিতে হবে এবং বকেয়ার কারণে কারখানার সংযোগ বিচ্ছিন্ন করা যাবে না।

উৎপাদন সংক্রান্ত দিকনির্দেশনা: চলমান গ্যাস সংকটের মধ্যে কারখানাগুলো কীভাবে উৎপাদন চালু রাখবে, সে বিষয়ে সরকারের সুস্পষ্ট পরিকল্পনা জানাতে হবে।

নিয়মিত হালনাগাদ ব্রিফিং: গ্যাস পরিস্থিতির বর্তমান অবস্থা ও সংকট কাটাতে গৃহীত পদক্ষেপ নিয়ে প্রতি সপ্তাহে অন্তত এক দিন ব্যবসায়ীদের সঙ্গে সরকারের ব্রিফিং করতে হবে।

সিএনজি সরবরাহ স্থগিত: শিল্পকারখানায় গ্যাসের চাপ স্বাভাবিক রাখতে গণপরিবহনে সিএনজি সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখতে হবে।

অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ: সব ধরনের অবৈধ গ্যাস সংযোগ অবিলম্বে বিচ্ছিন্ন করে গ্যাসের অপচয় ও অনিয়ম বন্ধ করতে হবে।

ঋণের কিস্তি স্থগিত: সংকট চলাকালে ব্যবসায়ীদের ওপর থেকে ব্যাংক ঋণের কিস্তি আদায় স্থগিত রাখতে সরকার ও বাংলাদেশ ব্যাংককে প্রয়োজনীয় নির্দেশনা দিতে হবে।

উক্ত বৈঠক ও সংবাদ সম্মেলনে বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে এহসান শামীম, সহ-সভাপতি (অর্থ) মোর্শেদ সারওয়ার সোহেল, সাবেক বিজিএমইএ সভাপতি কাজী মনীর, সিনিয়র সহ-সভাপতি অমল পোদ্দার, সহ-সভাপতি আশিকুর রহমান এবং পরিচালক নজরুল ইসলাম স্বপন ও মামুনুর রশীদসহ সংগঠনের অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • জনপ্রিয়