ককটেল বিস্ফোরণ/রাজধানীতে বসেছে ২০০ চেকপোস্ট, নিরাপত্তা জোরদার

ককটেল বিস্ফোরণ/রাজধানীতে বসেছে ২০০ চেকপোস্ট, নিরাপত্তা জোরদার

রাজধানীর বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়ার ঘটনায় নিরাপত্তা জোরদার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শনিবার সকালে ডিএমপির পক্ষ থেকে জানানো হয়, এরইমধ্যে রাজধানীজুড়ে ২০০টি চেকপোস্ট বসা‌নো হ‌য়ে‌ছে।

ঢাকার শান্তিনগর-কাকরাইল ও রাজারবাগ এলাকা ঘুরে দেখা যায়, চেকপোস্টগুলোর সামনে মোতায়েন আছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সকাল থেকেই মোটরসাইকেল, প্রাইভেটকার, সিএনজিসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি চালাচ্ছেন তারা।

এর আগে শুক্রবার দুপুর থেকে রাত পর্যন্ত মালিবাগ, আগারগাঁও, মহাখালী, যাত্রাবাড়ী, বাবুবাজার, বঙ্গবাজার, গুলিস্তান, মগবাজার, মৌচাক ও রামপুরা এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় যাত্রাবাড়ীতে এক রিকশাচালক আহত হন।

শাহজাহানপুর থানার ওসি মো. আমিরুল ইসলাম জানান, জুমার নামাজের পর মালিবাগ রেলগেটসংলগ্ন সোহাগ পরিবহনের কাউন্টারের পাশে দুটি ককটেল বিস্ফোরিত হয়। ফ্লাইওভারের ওপর থেকে ওই দুটি ককটেল দুটি ছোড়া হয়।

সন্ধ্যায় মহাখালী ফ্লাইওভার থেকে নিচে একটি ককটেল ছোড়া হয়। প্রায় একই সময়ে আগারগাঁওয়ের বাংলাদেশ বেতার ভবনের সামনেও বিস্ফোরণের তথ্য নিশ্চিত করেন শেরেবাংলা নগর থানার ওসি মো. মনিরুল ইসলাম।

রাত সাড়ে ৭টার দিকে যাত্রাবাড়ী চৌরাস্তায় পরপর চার থেকে পাঁচটি ককটেল বিস্ফোরিত হয়। এতে এক রিকশাচালক আহত হন।

এদিকে ডিএমপির মিডিয়া শাখার অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জানিয়েছেন, রাজধানীর গুলশানে মিছিলের ঘটনায় ১৭৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।


আরও পড়ুন -
  • সর্বশেষ
  • জনপ্রিয়