স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৬৪

স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত ৬৪

স্পেনে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে অন্তত ৬৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৮০ জন। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় কর্তৃপক্ষ। দুর্ঘটনার পর মাদ্রিদ থেকে দেশটির দক্ষিণাঞ্চলে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৯টার দিকে দেশটির কাস্তিয়া-লা মাঞ্চা অঞ্চলের উরদা পৌর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্স ও এএফপির প্রতিবেদনে আঞ্চলিক সরকারের বরাতে এ তথ্য জানানো হয়েছে।

কাস্তিয়া-লা মাঞ্চা অঞ্চলের সরকারের মুখপাত্র এস্তের পাদিয়া এএফপিকে বলেন, দুর্ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত প্রয়োজন।

প্রতিবেদন অনুযায়ী, মাদ্রিদ থেকে প্রায় ১৩০ কিলোমিটার দক্ষিণে একটি সরকারি ট্রেনের সঙ্গে বেসরকারি রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ইরিওর একটি ট্রেনের সংঘর্ষ হয়। এতে দুই ট্রেনের যাত্রীদের মধ্যে হতাহতের ঘটনা ঘটে।

দুর্ঘটনার পরপরই উদ্ধারকাজ শুরু হয়। ঘটনাস্থলে একাধিক দমকল ইউনিট, তিনটি হেলিকপ্টার এবং দুটি ভ্রাম্যমাণ চিকিৎসা ইউনিট মোতায়েন করা হয়েছে। আহতদের উদ্ধার করে চিকিৎসা দেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত ট্রেনের ভেতরে কেউ আটকে আছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে রেললাইন ও আশপাশে ট্রেনের ধ্বংসাবশেষ ছড়িয়ে থাকতে দেখা গেছে। দুর্ঘটনার পর যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে দ্রুত ট্রেন থেকে বেরিয়ে নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করেন।

এদিকে দুর্ঘটনার খবর পাওয়ার পর মাদ্রিদে নির্ধারিত একটি সম্মেলন বাতিল করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। একই সঙ্গে তার দল নির্বাচনী প্রচারের সব কার্যক্রম স্থগিত করেছে।

দুর্ঘটনার কারণে মাদ্রিদ থেকে দক্ষিণ স্পেনের বিভিন্ন গন্তব্যে যাতায়াতকারী যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন। কখন ট্রেন চলাচল স্বাভাবিক হবে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

চলতি বছর স্পেনে এটি দ্বিতীয় বড় ধরনের ট্রেন দুর্ঘটনা বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর আগে জানুয়ারিতে দক্ষিণাঞ্চলীয় আদামুজ গ্রামের কাছে দুটি দ্রুতগতির ট্রেনের সংঘর্ষে ৪৬ জন নিহত হন।

পরপর দুটি বড় দুর্ঘটনায় দেশটির রেল নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হতে পারে। তবে সর্বশেষ দুর্ঘটনার কারণ, ট্রেন দুটির গতিবেগ এবং সংঘর্ষের আগে কোনো প্রযুক্তিগত ত্রুটি ঘটেছিল কি না, তা তদন্তের পরই জানা যাবে। সূত্র: রয়টার্স ও এএফপি


আরও পড়ুন -
  • সর্বশেষ
  • জনপ্রিয়