নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আগুনের শিখা জ্বালিয়ে নতুন গ্যাসের সন্ধান পাওয়া গেছে। এই কূপ থেকে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।
সোমবার (২ নভেম্বর) দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলার রামপুর ইউনিয়নের সুন্দলপুর সাউথ-১ কূপের খননকাজ শেষে গ্যাসের সন্ধান মেলে। তবে ড্রিল স্টেম টেস্ট (ডিএসটি) পরীক্ষা শেষে গ্যাসের সঠিক পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কূপটি থেকে দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হবে এবং তা জাতীয় গ্রিডে যুক্ত হবে।
বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের (বাপেক্স) ড্রিলিং ইনচার্জ রকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে কূপটিতে খননকাজ শেষে গত সোমবার দুপুরে আগুনের শিখা জ্বালিয়ে গ্যাসের উপস্থিতি নিশ্চিত করা হয়। তবে অতিরিক্ত তাপমাত্রার কারণে তাৎক্ষণিকভাবে আগুনের শিখা বন্ধ করে দেওয়া হয়। ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে এবং তাঁদের উপস্থিতিতে পুনরায় আগুনের শিখা জ্বালানো হবে।