ধানমন্ডির পর তেজগাঁওয়ে ভবনে আগুন

ধানমন্ডির পর তেজগাঁওয়ে ভবনে আগুন

রাজধানীতে এক ঘণ্টার ব্যবধানে আবারও অগ্নিকাণ্ড ঘটেছে। এবার আগুন লেগেছে মহাখালী এলাকার একটি পুরাতন ভবনে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের তিন ইউনিট।

বৃহস্পতিবার বেলা ১১টা ১২ মিনিটে ফায়ার সার্ভিস তেজগাঁওয়ের ব্রিটিশ টোবাকো ও এসকেএস শপিং মলের পেছনের একটি পুরাতন ভবনে আগুন লাগার খবর পায়। খবর পাওয়ার পর তেজগাঁও ফায়ার স্টেশন থেকে ৩টি ইউনিট দ্রুত ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য জানান। তিনি বলেছেন, প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা ভেতরে কেউ আটকে আছেন কি না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

পরে ফায়ার সার্ভিস জানায়, ব্রিটিশ আমেরিকান টোবাকো ভবনের পাশে ৪তলা ভবনের ছাদে পরিত্যক্ত প্লাস্টিকের মালামালে আগুন লেগেছে। ওই ভবনের তৃতীয় তলায় বৈদ্যুতিক সাব-স্টেশন রয়েছে।

আগুন ছড়াবে না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এর আগে সকাল ১০টার দিকে ধানমন্ডির এপেক্স ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বাণিজ্যিক ভবনটির ওপরের তলাগুলো থেকে হঠাৎ ধোঁয়া বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন ৫ম ও ৬ষ্ঠ তলায় ছড়িয়ে পড়ে।


আরও পড়ুন -
  • সর্বশেষ
  • জনপ্রিয়