ইরান ও রাশিয়ার জাহাজে থাকা তেল বিক্রির ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিলের মেয়াদ আরও ৩০ দিনের জন্য বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালি বন্ধ থাকায় বৈশ্বিক জ্বালানি সরবরাহে চাপ তৈরি হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, তেল সংকটের ঝুঁকিতে থাকা বিভিন্ন দেশের অনুরোধের পর ওয়াশিংটন এই মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেয়।
মার্কিন সিনেটের অ্যাপ্রোপ্রিয়েশন্স উপকমিটির বাজেট শুনানিতে বেসেন্ট জানান, গত সপ্তাহে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের বৈঠকের সময় প্রায় ১০টি দেশের অর্থমন্ত্রী তার কাছে নিষেধাজ্ঞা শিথিলের মেয়াদ বাড়ানোর অনুরোধ জানান।
হরমুজ প্রণালি বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হওয়ায় সেখানে অচলাবস্থা তৈরি হলে তেল সরবরাহে বড় ধরনের প্রভাব পড়ে। এতে অনেক দেশ জ্বালানি সংকট ও মূল্যবৃদ্ধির আশঙ্কায় উদ্বিগ্ন হয়ে পড়ে।
যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে বৈশ্বিক জ্বালানি বাজার স্থিতিশীল রাখার প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
উল্লেখ্য, গত সপ্তাহেই স্কট বেসেন্ট বলেছিলেন, নিষেধাজ্ঞা শিথিলের মেয়াদ আর বাড়ানো হবে না। তবে নতুন পরিস্থিতিতে সে অবস্থান থেকে সরে এসেছে মার্কিন প্রশাসন।